
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজনকে গ্রেফতার করেছে বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ দল। এ সময় জিরা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে বিপুল পরিমান এই জিরাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমকর্মীদের কাছে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে একটি ট্রাক সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ট্রাকটির গতিবিধি সন্দেহ হলে ট্রাকটিকে শাহবাজপুর এলাকায় থামার জন্য সংকেত দেয় বিজিবি ও র্যাবের যৌথ দল। ট্রাকটি থামলে বিজিবি ও র্যাবের টহল দলের সদস্যরা ট্রাকটিতে বহন করা জিরার কাগজপত্র দেখাতে বললে ট্রাকে থাকা ব্যক্তিরা জিরার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে ১০ টন জিরাসহ ট্রাকটিকে আটক ও ট্রাকে থাকা তিনজনকে গ্রেফতারকরা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লক্ষীপুর গ্রামের মো. এম.ফয়সাল আবীর, রাজশাহী জেলার এয়ারপোর্ট থানার বাঘহাটি গ্রামের মো. আজিজুল হাকিম, এবং একই এলাকার মো. হাবিবুর রহমান।
বিজিবি জানায়, আটককৃত ট্রাকসহ জিরার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় শাহবাজপুর এলাকায় একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি ও র্যাবের যৌথ টহলদল ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র দিতে বলেন। বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় ট্রাকসহ জিরা জব্দ করা হয়। জিরা ও জব্দ করা ট্রাকের মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]