
ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য গুদামগুলোতে জায়গা সংকটের কারণে ধীরগতিতে চলছে ধান-চাল সংগ্রহ কার্যক্রম। যার নেতিবাচক প্রভাব পড়েছে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম আশুগঞ্জে। চালকল মালিকরা ধান না কেনায় নিম্নমুখী সব জাতের ধানের দাম। যদিও জায়গা সংকট হলেও নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার শতভাগ ধান-চাল সংগ্রহ হবে বলে দাবি খাদ্য বিভাগের।
ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামগুলোর স্বাভাবিক ধারণ ক্ষমতা সাড়ে ২১ হাজার টন। সংরক্ষণ করা যায় অতিরিক্ত আরও কয়েক হাজার টন। তবে বর্তমানে গুদামগুলোতে মজুত আছে ৩০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য।
গুদামে জায়গা সংকটে গত ১ মাসেরও বেশি সময় ধরে ধীরগতিতে চলছে ধান-চাল সংগ্রহ কার্যক্রম। ফলে চুক্তি করা মিল থেকে চাল নিয়ে আসা ট্রাকগুলো গুদামে চাল দিতে এসে অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। এর ফলে ট্রাকের অতিরিক্ত ভাড়া ও অবস্থান ফি বাবদ গুণতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে, গুদামে চাল দিতে সময় বেশি লাগা এবং বাজারে চালের বেচাকেনা কম হওয়ায় আশুগঞ্জ মোকাম থেকে ধান কম কিনছেন চালকল মালিকরা। এতে করে নিম্নমুখী সব জাতের ধানের দাম। বর্তমানে বিআর ২৮ ধান প্রতিমণ ১৩০০ টাকা, বিআর ২৯ ধান ১১৫০-৮০ টাকা এবং মান ভেদে মোটা ধান বেচাকেনা হচ্ছে ৭০০-৯৫০ টাকা দামে।
চালকল মালিক ও আরতদাররা জানান, দাম কমার পিছনে কোন কারসাজি নেই। দেশে পর্যাপ্ত খাদ্য শস্য মজুদ রয়েছে। মিল মালিকরা চাল বিক্রি করতে না পারায় ইতোমধ্যে অনেক মিল বন্ধ হয়ে গেছে। চালের বাজার দর কমায় ধানের দাম কমেছে।
তবে খাদ্য বিভাগের দাবি, সরকারের বিতরণ কার্যক্রমগুলোর জন্য গুদাম থেকে খাদ্যশস্য ডেসপাচ কার্যক্রম চলমান রয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার সমপরিমাণ ধান ও চাল সংগ্রহ করা যাবে।
ধানের দর পতনের পিছনে কোন কারসাজি নেই জানিয়ে চালকল মালিক সমিতির আশুগঞ্জ উপজেলার সভাপতি শাহজাহান সিরাজ
জানান, সরকার চাল আমদানীর উপর ট্যাক্স প্রত্যাহার করায় বিভিন্ন পর্যায়ে এলসি হচ্ছে। এতে চালের দাম কমায় ধানের বাজার দর কমেছে।
চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১১ হাজার ২০৮ টন ধান, ৭১ হাজার ৪২৫ টন সিদ্ধ ও ৪ হাজার ৯৯৩ টন আতপ চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এখন পর্যন্ত সাড়ে ১২ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সিদ্ধ ৭১ হাজার ৪২৫ টন যার মধ্যে অর্জিত হয়েছে ৬৮ হাজার ২২৫ টন, আতপ ৪৯৩ টন যার মধ্যে অর্জিত হয়েছে সাড়ে ৪ হাজার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]