চট্টগ্রামে গুলিতে যুবক নিহত
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১২:২৫
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত জিল্লুর রহমান পশ্চিম সরলের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গভীর রাতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছোড়া গুলিতে জিল্লুর রহমান গুরুতর আহত হন।


সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালী থেকে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/জয়দেব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com