
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ উদ্ধার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। পরে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার সালদানদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব কচ্ছপ উদ্ধার করে। উদ্ধার হওয়া কচ্ছপের মধ্যে ৪টি বড় ‘পেপসেল টারটেল’ এবং ৬১টি ছোট ‘সন্দি কাসিম’ প্রজাতির কচ্ছপ রয়েছে।
বিজিবি জানায়, অভিযানের সময় পাচারকারীরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়। ফলে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং বিজিবি'র উপস্থিতিতে কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বন্যপ্রাণী পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বনজ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও বিজিবি অঙ্গীকারাবদ্ধ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]