নবীনগরে গোয়েন্দা সদস্যদের ওপর হামলার ঘটনায় ডাকাত শফিক গ্রেফতার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২১:১০
নবীনগরে গোয়েন্দা সদস্যদের ওপর হামলার ঘটনায় ডাকাত শফিক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা, আটকে রেখে নির্যাতন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের নেতা হিসেবে পরিচিত শফিক ডাকাতকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, মাদক, চাঁদাবাজিসহ ১৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।


শফিক নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ একটি দল রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি শহিদ কাওসার রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শফিক ডাকাতকে গ্রেফতার করা হয়।


র‍্যাব জানায়, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নবীনগর উপজেলার খাগাতুয়া এলাকায় গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা র‍্যাবের চার গোয়েন্দা সদস্যের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। পরে তাদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। খবর পেয়ে অতিরিক্ত র‍্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।


ঘটনার পর একাধিক অভিযান চালিয়ে শফিক ডাকাতের কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হলেও তিনি আত্মগোপনে চলে যান। প্রায় দুই মাস পর একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক ডাকাত জানিয়েছেন, ঘটনার দিন প্রতিপক্ষের একটি বাড়িতে হামলা চালানোর পর তিনি ও তার সহযোগীরা একটি বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় র‍্যাব সদস্যরা এলাকায় আসছেন এমন খবর পেয়ে তারা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। পরে র‍্যাব সদস্যদের আটকে রেখে নির্যাতন করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।


র‍্যাবের ভাষ্য, শফিক ডাকাতের বিরুদ্ধে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, হত্যা, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া নবীনগর থানা পুলিশ ও র‍্যাবের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি মামলাও দায়ের হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com