
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসপাড়া এলাকায় আটকা পড়া চার শিক্ষার্থী-পর্যটককে ৪৮ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দুর্গম পাহাড়ি পথ, ঝিরি, পাহাড়ধস ও প্রবল স্রোত অতিক্রম করে তাঁদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়েছে।
বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই ঢাকার চার শিক্ষার্থী-পর্যটক থানচির আমিয়াখুম ভ্রমণে থুইসপাড়া এলাকায় যান। ৭ জুলাই থেকে টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নৌপথ বন্ধ হয়ে গেলে তাঁরা সেখানে আটকা পড়েন।
খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের অধীন জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের একটি দল দ্রুত থুইসপাড়ায় পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে। এ সময় তাঁদের নিরাপদ অবস্থান নিশ্চিত করার পাশাপাশি থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয় এবং সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হয়।
বিজিবি জানায়, গত ১১ জুলাই উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানিক দল পর্যটকদের নিয়ে বিকল্প পাহাড়ি পথে পায়ে হেঁটে থুইসপাড়া, জিন্নাপাড়া, হালিরামপাড়া ও নিকোলাসপাড়া অতিক্রম করে অংসাউপাড়ায় পৌঁছায়। সেখানে তাঁদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। তবে একাধিক পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, প্রবল স্রোত ও টানা বৃষ্টির কারণে সেদিন সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।
পরদিন রবিবার অংসাউপাড়া ক্যাম্প থেকে আরেকটি টহলদল চার পর্যটককে নিয়ে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে নেপিউপাড়ায় পৌঁছে। পরে বিজিবির যানবাহনে তাঁদের থানচিতে ফিরিয়ে আনা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পর্যটক আটকে পড়ার খবর পাওয়ার পর বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধার হওয়া শিক্ষার্থী-পর্যটক তামিম রায়হান, মাহাদি আল মাহবুব ও মারুফ উদ্দিন বলেন, আটকে থাকার পুরো সময় বিজিবি তাঁদের নিরাপত্তা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছে। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে বিজিবির সদস্যরা তাঁদের উদ্ধার করেছেন।
বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি পার্বত্যাঞ্চলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির দায়িত্ব। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথের মধ্যেও বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]