ফেনীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:২৯
ফেনীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+


ফেনীর ছাগলনাইয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজিব সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


শুক্রবার দুপুরে ইউসুফ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের।


জানা যায়, মোহনা টেলিভিশনের প্রতিনিধি নিজাম উদ্দিন মজুমদার সজিব বৃহস্পতিবার ( ৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় ফেনী নদীর তীরসংলগ্ন বালুর মাঠে নদীভাঙন-সংক্রান্ত সংবাদ সংগ্রহে যান।


এজাহারে তিনি উল্লেখ করেন, পূর্বপরিচিত ইমরান সিকদারের অনুরোধে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে নদীর তীরে ফেলে দেয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয়। পরে ইট-পাটকেল ও কাঠের টুকরো দিয়ে আঘাত করলে তার মাথা, মুখমণ্ডল, চোখ ও পায়ে গুরুতর জখম হয়।


তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।


বর্তমানে আহত সাংবাদিক সজিব ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তার বড় বোন রহিমা আক্তার মজুমদারের মাধ্যমে থানায় এজাহার দাখিল করা হয়। মামলায় ইমরান সিকদার ও ওসমান গণির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে ঘটনাটিকে পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার অংশ বলে দাবি করা হয়েছে।


ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন, পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।


ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের জানান, মামলা রুজুর পর শুক্রবার অভিযুক্ত ইউসুফ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, "মূল আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।"


এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকাল ১০টায় ফেনী শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচির আহ্বান জানানো হয়েছে।


বিবার্তা/মনির/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com