
কুমিল্লা অঞ্চলের ঐতিহ্যবাহী খাদি কাপড়কে আধুনিক বাজারে নতুনভাবে পরিচিত করতে ‘বয়ন’ নামে একটি ফ্যাশন ব্র্যান্ডের মাধ্যমে খাদি পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটজন শিক্ষার্থী।
উদ্যোগটির পেছনে রয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তারিন সুমাইয়া, একা তালুকদার, ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের রায়হান মিথ, নৃবিজ্ঞান বিভাগের প্রান্ত ঘোষ, লামিয়া আক্তার ও সুপ্রতিক বড়ুয়া, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুবায়েত হোসেন ও জান্নাতুল নাইমা সম্পা।
প্রতিষ্ঠাতারা জানান, চান্দিনায় হাতে গোনা মাত্র দুই-তিনজন কারিগর এখনও এই শিল্পকে টিকিয়ে রেখেছেন। আমরা স্থানীয় নারীদের সম্পৃক্ত করে হাতে বোনা খাদি কাপড়ের বিভিন্ন ধরনের ব্যাগ, ওয়ালম্যাট ও নকশা করা পাঞ্জাবি তৈরি করে বিক্রি করব। এর মাধ্যমে আশপাশের তৃণমূল নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। আপাতত পরিচিতদের কাছে অনলাইনে পণ্য বিক্রি শুরু করছি। ভবিষ্যতে অনলাইনের পাশাপাশি ক্যাম্পাসে বুথ স্থাপনের মাধ্যমেও পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।
তাদের উদ্যোগকে ঘিরে আশা জেগেছে স্থানীয় বুনন শিল্পীদের মধ্যেও। স্থানীয় একজন কারিগর ক্ষিতীশ দেবনাথ বলেন, "বর্তমানে হাতে বোনা খাদি কেউ কিনতে চায় না। ফলে কারিগররা তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় নিযুক্ত হচ্ছেন। আর মজুরি কম থাকায় নতুনদেরও আগ্রহ কম। 'বয়ন' এর মতো যদি এভাবে উদ্যোগ নেয়া হয় তবে এক সময়ের এই ঐতিহ্য আবারও তার আগের জায়গা ফিরে পাবে।"
উদ্যোগের পেছনে থাকা অন্যতম প্রান্ত ঘোষ বলেন, "আমাদের শুরুর যাত্রাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি তারা শেষ পর্যন্ত করতে পারবে কিনা, তাদের দিয়ে আমরা ঠিক কী কী পণ্য তৈরি করাবো, কিংবা তাদেরকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এমন নানা বিষয় নিয়ে আমরা বেশ সংশয়ে ছিলাম। তবে প্রথম পণ্যটি যখন সফলভাবে আমাদের হাতে এলো, তখন আমাদের আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে গেল। এখন আমাদের ইচ্ছে আছে এই উদ্যোগকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার।"
উদ্যোগটির আরেকজন প্রতিষ্ঠাতা তারিন সুমাইয়া বলেন, "ডিডাব্লিউ এর প্রতিবেদনের কাজে এখানে এসেছিলাম। তখনই ভেবেছিলাম বিলুপ্তপ্রায় এই খাদি নিয়ে কাজ করব। বন্ধুদেরকে বলার পর তারাও রাজি হয়ে গেল। তখন থেকেই ‘বয়ন’ এর যাত্রা শুরু। কুমিল্লার এই হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং একে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। সকলের সম্মিলিত উদ্যোগই পারবে খাদি শিল্পের সোনালি দিন ফিরিয়ে আনতে।"
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]