
ফেনী সদর উপজেলা ও ছাগলনাইয়ায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। একই দিন দুপুরে ছাগলনাইয়া-বক্সমাহমুদ আঞ্চলিক মহাসড়কের রৌশন ফকির মাজার এলাকায় একটি ট্রাক্টরের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাগলনাইয়া উপজেলার মহামায়ার উত্তর যশপুর সড়কের পাশে কৃষি জমি চাষ শেষে একটি ট্রাক্টর অসাবধানতাবশত আঞ্চলিক মহাসড়কে উঠছিল। এ সময় সেটি বক্সমাহমুদগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সরাসরি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী সাহাবুদ্দিন খোকনকে মৃত ঘোষণা করেন। তিনি ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর নতুন পাড়ার (ইসলামিয়া বাজার এলাকা) ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
দুর্ঘটনায় নিহতের ছেলে ইফাদ হোসেনসহ বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে আজ (১ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা বাজার এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়।
নিহতের নাম কবির আহাম্মদ(৬৫)। সে সদর উপজেলার দক্ষিন ছনুয়া গ্রামের মকবুল আহম্মদের ছেলে। মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]