
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র রামদা, বল্লম, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে কালিকচ্ছ বাজারে অবস্থান করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এর আগে ২৮ জুন সন্ধ্যায় কালিকচ্ছ বাজারে দেনাপাওনাকে কেন্দ্র করে মোশাররফ ও হাদিম মিয়ার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষের লোকজন লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র রামদা, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সংঘর্ষে হাদিম মিয়া (৫০) নিহত হন।
এর জেরে সোমবার (২৯ জুন) হাদিম মিয়ার দাফন শেষে ধরন্তি গ্রামের লোকজন কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি গ্রামের লোকজনের ওপর হামলা ও দোকানপাটে লুটপাট চালায়। প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুন) সকালে আবারও দুই গ্রামের বাসিন্দারা তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় গতকাল তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]