
চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে জেঠাতো ভাইয়ের হামলায় গুরুতর আহত হওয়ার চার দিন পর মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে মন্নানের জেঠাতো ভাই শাহাজান কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নগরীর সাজিনাজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মন্নান সওদাগর হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং মোহাম্মদ লোকমান সওদাগরের ভাই। অভিযুক্ত শাহাজান একই এলাকার সালেহ আহমদের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/জয়দেব/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]