লক্ষ্মীপুরে হত্যার শিকার ৪ মা-মেয়ের দাফন সম্পন্ন
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:১০
লক্ষ্মীপুরে হত্যার শিকার ৪ মা-মেয়ের দাফন সম্পন্ন
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রায়পুরে হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ শাহিনুর বেগম ও তার তিন মেয়ের দাফন সম্পন্ন হয়েছে।


শুক্রবার (২৬ জুন) রাতে কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া এলাকায় জানাজা শেষে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন সম্পন্ন হয়। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় লটিয়া গ্রামে লক্ষ্মীপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার শাহিনুর বেগম ও তার তিন মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। লটিয়ায় শাহিনুর বেগমের প্রয়াত স্বামী মো. কামালের বাড়িতেই তাদের দাফন করা হয়।


এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিহত শাহিনুর বেগম ও তার মেয়ে সায়মা আক্তার, নাফিসা আক্তার ইরা ও ফাতেমা আক্তার শিফার মরদেহ লটিয়া গ্রামে এসে পৌঁছায়। ওই সময় আশপাশের গ্রাম থেকে আসা স্বজন ও প্রতিবেশীদের কান্নায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।


এদিন দাফনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, এমন দুঃসহ ঘটনার মুখোমুখি আমরা আর কখনো হইনি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে আমরা নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি।


এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার একদিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবারের একমাত্র জীবিত সদস্য জুনায়েদ হোসেন সিফাত বাদী হয়ে শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।


দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন এলাকার একটি ভাড়ায় ৩ মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নিহত শাহিনুর বেগম (৩৮)। তার স্বামী কামাল ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। তারপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংগ্রাম করে সংসার চালিয়ে আসছিলেন শাহিনুর। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাসা থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ওই সময় ঘরের ভেতরে তারা শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওইদিন ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম ও তার তিন মেয়ের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই শাহিনুর, সায়মা ও শিফার মৃত্যু হয়। এরপর গুরুতর আহত ইকরাকে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়। পরে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন সন্দেহভাজন অন্তর মজুমদার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com