
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনে ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে জানান লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক।
তিনি বলেন, এক ঘণ্টার বেশি সময় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যে কোনো একটি লাইন সচল হলেই যোগাযোগ পুনরায় চালু হবে।
নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ গুণবতী স্টেশন পার হয়ে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে লাইনে আটকা পড়ে।
‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার পথে ট্রেনটির চার বগি লাইনচ্যুত হয় বলে জানান তিনি।
দুই লাইনে ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকল ইঞ্জিন ও লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসলেই কাজ শুরু হবে বলে জানা গেছে।
লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক বলেন, চট্টগ্রাম থেকে ‘সোনার বাংলা’ ট্রেনের সচল ইঞ্জিন রওনা হয়েছে এবং ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের চারটি বগি রেখে বাকি ট্রেন লাকসাম চলে আসছে। কাজগুলো সম্পন্ন হলেই ট্রেন চলাচল শুরু হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]