
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মহাসড়কের পাশের গাছে ধাক্কা দিলে চালকের কিশোর ছেলেসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার স্টার লাইন পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চট্টগ্রামের ভূজপুর থানার সিকদার খিল গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫) ও ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে মীর হোসেন (৪৫)।
আহসানুল ওই ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামের এক ভ্যানচালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় ট্রাকটি সামনে থাকা একটি ভ্যানগাড়ি ও এক পথচারীকে চাপা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহসানুল ও মীর হোসেনকে মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এ ঘটনার পর জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক ছিলেন নিহত আহসানুলের বাবা সিদ্দিকুর রহমান। দুর্ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ধারণা করছে, তিনিও আহত হয়েছেন এবং গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেছেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]