ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
প্রকাশ : ২০ জুন ২০২৬, ২০:০১
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


ভাইরাল হওয়া ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘নিষেধাজ্ঞা মানি না, মানব না’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। ভিডিওতে নেতৃত্ব দিতে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়কে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।


শুক্রবার (১৯ জুন) একটি অনলাইন প্ল্যাটফর্মে ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় কুমিল্লা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে মিছিলের পক্ষে মন্তব্য করেন। নাসিরনগর উপজেলা ছাত্রলীগ নেতা জুবান আকাশও ভিডিওটি শেয়ার দিয়ে মিছিলে নিজের উপস্থিতির কথা উল্লেখ করেন।


এর আগে গত ২৭ মে রাধিকা-নবীনগর মহাসড়কে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ’ ব্যানারে আরেকটি মিছিলের ভিডিও ভাইরাল হয়। ওই মিছিলেও আশিকুর রহমান হৃদয়কে নেতৃত্ব দিতে দেখা যায়। পরে এ ঘটনায় সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় হৃদয়কে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।


এছাড়া গত ১২ জুন সকালে শহরের পুনিয়াউট এলাকায় অনুষ্ঠিত আরেকটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে নেতৃত্ব দিতে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদিকে। ভিডিওতে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, রাজবন্দিদের মুক্তি এবং ছাত্রলীগ ও আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।


সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৮ জুন নাসিরনগর কলেজ মোড় থেকে কুন্ডা গ্রাম হয়ে তিতাস সেতু পর্যন্ত মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনায় ৯ জুন নাসিরনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।


এরও আগে গত ১২ মে শহরের পূর্ব মেড্ডা এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়। মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জেলা ছাত্রলীগের সদস্য লিমন আল স্বাধীনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করা হয়।


এদিকে এসব ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউনের প্রতিবাদে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে। ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, আন্দোলনের মুখে পুলিশকে মামলা নিতে বাধ্য হতে হয়েছে।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি দেখেছেন। তবে তার দাবি, ভিডিওটি সাম্প্রতিক নয়, অনেক আগের। তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতার তৎপর রয়েছে পুলিশ।”


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com