সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৮:২৬
সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।


শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী কসবা সদরের কদমতলী এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহপুর গ্রামের মরিয়ম বেগম নামে এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। হজ থেকে ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবার হজ এজেন্সিতে মালিক গিয়াস উদ্দিকে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ জানায়, এ লাগেজের দায়িত্ব হজযাত্রীর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।


একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা কসবা উপজেলা সদরে হজ এজেন্সির অফিসটি ভাঙচুর করে। এরই জেরে শনিবার সকালে কদমতলি এলাকায় শাহপুর এবং আড়াইবাড়ীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।


এসময় কদমতলী মোড়ে বেশ কয়েকটি দোকান পাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।


সংঘর্ষের খবর পেয়ে প্রথমে কসবা থানা পুলিশ, পরে জেলা সদর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়।


এদিকে সংঘর্ষ চলাকালে কসবা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস, দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উভয়পক্ষকে সংঘর্ষ থেকে নিভৃত রাখার চেষ্টা করেন। তিনি জানান, দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখার লক্ষে উভয়পক্ষের দশজন করে বিশ জন গ্রামের বিশিষ্ট জনের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করবেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।


এদিকে ঘটনা সম্পর্কে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অন্তত অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com