দানবাক্স চুরির সময় ব্রাজিল সমর্থক আটক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৬:৫৪
দানবাক্স চুরির সময় ব্রাজিল সমর্থক আটক
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা। আটকের সময় তাঁর পরনে ব্রাজিলের জার্সি ছিল।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে (খাবার খাওয়া) ব্যস্ত ছিলেন। এ সুযোগে ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে বিহারের উপাসক-উপাসিকারা বিষয়টি দেখে ফেলেন। এ সময় ওই তরুণকে হাতেনাতে আটক করেন তাঁরা।


রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর ওই তরুণ তাঁর ভুল স্বীকার করেছেন। এরপর ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ কারণে লিখিত মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।


রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে প্রতিদিন শত শত ভক্ত-উপাসক-উপাসিকা ধর্মীয় কার্যাদি সম্পাদন করতে আসেন। দানবাক্সের অর্থ দিয়েই বিহারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। দানবাক্স চুরির চেষ্টার ঘটনার পর বিহারটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com