
ঢাকায় কর্মরত যমুনা টেলিভিশনের এক সাংবাদিকের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগের ঘটনায় ছয় সপ্তাহের বেশি সময় পার হলেও এখনো মামলা নথিভুক্ত হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ এফআইআর গ্রহণ না করায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
আহত সাংবাদিক মো. আল আমিন মিয়া জানান, গত ২৮ এপ্রিল দুপুর ২টার দিকে ব্যক্তিগত কাজে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় যাওয়ার পথে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার বাম হাতে চারটি সেলাই দেন।
আল আমিনের অভিযোগ, হামলার পর ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা তাকে হুমকি দিয়ে বলে, এ ঘটনায় থানায় মামলা করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরবর্তী সময়েও মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক (এসআই) ওয়াসিমকে। তবে অভিযোগ জমা দেওয়ার ছয় সপ্তাহের বেশি সময় পার হলেও এখনো মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়নি।
আল আমিন বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক। প্রকাশ্যে হামলার শিকার হওয়ার পরও আইনি প্রতিকার পাচ্ছি না। থানায় একাধিকবার যোগাযোগ করেও মামলা নথিভুক্ত করাতে পারিনি।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]