
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য অবৈধ পুশইন প্রতিরোধ ও চোরাচালান ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে রাতের বেলাও সতর্কতামূলক মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বিজয়নগর, আখাউড়ার একাংশ এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরে এ কার্যক্রম চালানো হচ্ছে।
মাইকিংয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ বা প্রবেশে সহযোগিতা না করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হচ্ছে।
বিজিবির-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বিজিবির টহল ও নজরদারি আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত সতর্কতামূলক মাইকিং পরিচালনা করা হচ্ছে। এ কাজে স্থানীয় জনগণও সহযোগিতা করছে।
তিনি জানান, অবৈধ পুশইন প্রতিরোধের পাশাপাশি মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন। সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের সুযোগ দেওয়া হবে না।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। অতীতেও এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
বিবার্তা/নিয়ামুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]