
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় একটি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার থলিয়ারা গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ চলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, থলিয়ারা গ্রামের বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার সঙ্গে ছোট গোষ্ঠীর জুবায়েরের একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ শালিসে দোকানটি উচ্ছেদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও আতঙ্কের সৃষ্টি হয়। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]