
বঙ্গোপসাগরে অভিযানে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, ৫টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট ও পাচারচক্রের ৫২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুন) রাতে সেন্টমার্টিনের অদূরে সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায় নৌবাহিনী। ফিশিং বোট দুটির গতিবিধি সন্দেহজনক লাগায় নৌবাহিনী জাহাজ ফিশিং বোট দুটিকে জব্দ করে। জব্দ করা বোট ‘এফবি মা নুর জাহান’ এবং ‘এফবি হোমাইয়ারায়’ তল্লাশি করে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় সিমেন্ট পাচারকারী দলের ২২ জন সদস্যকেও আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন তারা।
এছাড়াও, আটক মাঝিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এফবি মা জননী-১, এফবি আশরাফুল ইসলাম সায়াদ এবং এফবি হাজি বসিরুল্লাহ নামক ৩টি ইঞ্জিনচালিত কাঠের বোট মিয়ানমারে সিমেন্ট পাচারের সঙ্গে জড়িত রয়েছে। নৌবাহিনীর টহলরত জাহাজ বিশেষ অভিযান পরিচালনা করে পাচারচক্রের সঙ্গে জড়িত অপর ৩টি ফিশিং বোট এবং ৩০ জন সদস্যকে আটক করে। অভিযানশেষে উদ্ধার করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমানায় চোরাচালান, মানবপাচার, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]