
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানালে প্রায় আধা ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়েন সড়কের দুই পারের যাত্রী ও চালকরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় শহরের কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেট এলাকায় ফিরে আসে। পরে নেতাকর্মীরা টিটিসি সড়কের সামনে অবস্থান নেন এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের স্বার্থে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তার পদত্যাগ মেনে নেয়া হবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন করছেন দীপেন দেওয়ান। যে কুচক্রি মহল তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন তারা রাঙামাটি গন মানুষের শত্রু। পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের দাবি করছে প্রধানমন্ত্রীর কাছে। যদি প্রত্যাহার করে নেয়া না হয় তাহলে রাঙামাটির মানুষ তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুমকি দেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]