
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ক্যাম্পে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে ক্যাম্পের চারদিক থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। এ সময় র্যাব সদস্যরাও তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান। তিনি জানান, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। আমরা নন-লিথাল অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলি। পরে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর যৌথ বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং বিচ্ছিন্ন অবস্থানের কারণে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। সরকারি খাসজমির ওপর গড়ে ওঠা এই এলাকায় কারাগার, আইটি পার্কসহ ১১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও জমি পুনরুদ্ধার জটিলতায় তা আজও বাস্তবায়ন হয়নি।
এলাকাটি দুই ভাগে বিভক্ত একটি ছিন্নমূল এলাকা ও আরেকটি আলীনগর। দুই অংশেই পাহাড় কেটে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ বসতি, দোকানপাট ও মার্কেট।
সীতাকুণ্ড ভূমি অফিসের তথ্যমতে, জঙ্গল সলিমপুরের মোট আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। গত চার দশকে এলাকাটি কার্যত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। ওই ঘটনায় আরও তিন র্যাব সদস্য ও মনা নামে এক সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে দায়িত্ব পালন করছিলেন।
গত ৯ মার্চ প্রথমবারের মতো সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন, মশিউর রহমান, নুরুল হক ভান্ডারি, গাজী সাদেক ও গোলাম গফুরসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]