
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জুলাই-আগস্টের হত্যা চেষ্টা মামলায় কারাবন্দি দেবাশীষ চৌধুরী নামে এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার (১৮ মে) কারাগারে মৃত্যুর পর মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। দেবাশীষ নগরীর সদরঘাট এলাকার সুধাংশু বিকাশ চৌধুরীর ছেলে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, নিহত কারাবন্দির হঠাৎ করে মধ্যে বুকে ব্যথা ওঠে। তাকে ওয়ার্ড থেকে কারা হাসপাতালে আনতে আনতেই তিনি মৃত্যুবরণ করেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে হৃদরোগে মারা গেছেন বলে মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কারা সূত্র জানায়, গত ২৭ এপ্রিল সদরঘাট থানার ১১০ কবি নজরুল ইসলাম রোডের পি কে সেন কম্পাউন্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। পরে সদরঘাট থানার জুলাই-আগস্টের হত্যা চেষ্টা (মামলা নম্বর-১৯) মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। সেই মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।
গ্রেফতারের ২১ দিন পর গত সোমবার মারা গেলেন তিনি।
কারাগারের ভেতর নির্যাতনের অভিযোগ তুলেছেন দেবাশীষ চৌধুরীর পরিবার। তার মামাতো ভাই অনুরুপ চৌধুরী বলেন, হৃদরোগে যদি মারা যায় তাহলে মৃতের পিঠে আঘাতের চিহ্ন কেন এলো। কারাগারের ভেতর নির্যাতনের শিকার না হলে তার শরীরে কোনো দাগ থাকার কথা নয়। শরীরে দাগ দেখে তাকে নির্যাতন করে মেরে ফেলেছে বলে আমরা সন্দেহ করছি।
পরিবারের দাবি, রাজনীতির সঙ্গে দেবাশীষ চৌধুরীর কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যক্তিগত বিরোধ থেকে জুলাই-আগস্টের মামলায় তাকে গ্রেপ্তার করানো হয় বলে অভিযোগ তাদের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]