
চাকরি স্থায়ীকরণ এবং ১০ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পোর্টাররা অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে তারা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার (১৯ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পোর্টাররা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া পোর্টাররা জানান, তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিভাগের অধীনে জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই), হাসপাতালের বিভিন্ন সহায়ক কার্যক্রম এবং বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন জরুরি স্বাস্থ্য কার্যক্রমে মাঠপর্যায়ে কাজ করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি।
তাদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ১০ মাসের বেতন বকেয়া রয়েছে। নিয়মিত বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ধার-দেনা করে সংসার চালাচ্ছেন বলে দাবি করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন পোর্টার বলেন, দীর্ঘদিন ধরে আমরা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে কাজ করছি। টিকাদান কর্মসূচি সফল করতে মাঠে কাজ করেছি। কিন্তু আমাদের চাকরি স্থায়ী হয়নি। ১০ মাসের বেতনও পাইনি। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। সামনে ঈদুল আজহা অথচ ঘরে বাজার করার টাকাও নেই।
তারা আরও জানান, এর আগে ২০২৪ সালেও একই দাবিতে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মো. নোমান মিয়া বলেন, এটি একটি ইপিআই প্রকল্পের অধীনের কর্মসূচী। সারাদেশে এ কর্মসূচী বাস্তবায়নে পোর্টাররা কাজ করছেন। তাদের বেতন নিয়মিত দেওয়া হয় না। এ বিষয়ে আমরা দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঈদের আগেই তারা কয়েক মাসের বেতন পাবে। আরেকটি বিষয় পোর্টারদের চাকরি প্রকল্পের অধীন। সরকার চাইলে করতে পারবে।
অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইপিআই পোর্টার এসোসিয়েশনের সভাপতি মোঃ শামীম মিয়া, জেলার যুগ্ম সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম রনিসহ ৯টি উপজেলার ২৭ জন পোর্টাররা।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]