
চট্টগ্রামে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আদালত গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার ১৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মহিউদ্দিন, মো. সুমন, মো. ইমন, মুর্তুজা মেহেদী ওরফে মেহেদী হাসান, মো. বশর ওরফে হাসান, মো. সজিব, মো. মুসা, মো. সোহেল, মো. মনির, রায়হান, ইলিয়াছ ওরফে মিলন, জাহিদুল হক ওরফে সোহাগ, মো. শাহিন, মো. শরীফ, মো. ছোটন ওরফে রাকিব মিয়া, আলামিন, সাদ্দাম হোসেন, মো. রাসেল ও মো. জয়নাল।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার জানাজা শেষে নগরের জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অংশগ্রহণকারীরা অলিগলি দিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ইটের ভাঙা টুকরা ও আটটি কাঠের লাঠি জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]