
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা (লেত্তবাপ) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৯ মে) সকালে উপজেলার সাজেক এলাকার মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হেগেরা চাকমা আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ)-এর কর্মী হিসেবে পরিচিত। তিনি ওই এলাকায় সংগঠনের ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় একদল সশস্ত্র লোক অবস্থান নেয়। হেগেরা চাকমা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, শুকনোছড়া এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনি আরও বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ সদস্যদের সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে। পুলিশ পৌঁছালে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বিস্তারিত জানা যাবে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, সশস্ত্র সন্ত্রাসী জ্যাকসন চাকমার নেতৃত্বে চার-পাঁচ জনের একটি সশস্ত্র গ্রুপ শুকনাছড়ি এলাকায় হামলা চালায়। এ সময় তারা আমাদের কর্মী হেগেরা চাকমাকে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]