
কক্সবাজারের আলোচিত মুবিনুল হক হত্যা মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া থানাধীন হুলাইন এলাকায় র্যাব-১৫ (কক্সবাজার) ও র্যাব-৭ (চট্টগ্রাম) এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গত ১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরানিয়া পাড়া এলাকায় মুবিনুল হক নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৮ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে র্যাব-১৫ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার ২ নম্বর আসামি জাহাঙ্গীর চট্টগ্রামের পটিয়া এলাকায় ছদ্মবেশে অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল পটিয়া থানাধীন হুলাইন গ্রামের বনফুল ফ্যাক্টরির সামনে বিশেষ অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে কক্সবাজার থেকে পালিয়ে চট্টগ্রামে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/ফরহাদ/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]