মা হলেন ভবঘুরে নারী, বাবা হলো না কেউ
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:৫৭
মা হলেন ভবঘুরে নারী, বাবা হলো না কেউ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী এক চায়ের দোকানে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।


বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, লাফি (আনুমানিক ২৫-৩০) নামের ওই নারী দীর্ঘদিন ধরে সরাইলের বিভিন্ন এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানাতে পারেন না। শুধু এটুকু বলতে পারেন, তার বাড়ি বিয়ানীবাজার।


বৃহস্পতিবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে বাজারের একটি চায়ের দোকানেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং মা ও নবজাতককে প্রাথমিক সহায়তা প্রদান করেন। বর্তমানে মা ও নবজাতক স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।


এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর উপজেলা সমাজসেবা কার্যালয়কে হিত করা হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।


সন্তানের পিতৃপরিচয়ের বিষয়ে তিনি জানান, সন্তান প্রসবের পর এখন পর্যন্ত কেউ এই সন্তানের পিতার দায়িত্ব নেননি। ভবঘুরে ভারসাম্যহীন ওই নারীও বলতে পারছেন না সন্তানের পিতা কে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


তিনি আরও জানান, নবজাতক ও ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতকের সার্বিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।


এ ঘটনাকে ঘিরে এলাকায় মানবিক সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মা ও নবজাতকের নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com