নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভোগান্তিতে সেবাগ্রহীতারা
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৫:২৩
নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভোগান্তিতে সেবাগ্রহীতারা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের প্রথম শ্রেণির পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খানের বিরুদ্ধে পৌরসভার দায়িত্ব পালনে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।


সময় মতো অফিসে না আসা, অনুমতি ছাড়া যখন-তখন নিজের ইচ্ছে মত দপ্তর ত্যাগ করা আর অফিসে অনুপস্থিত থাকার কারণে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। দায়িত্বশীলরা যখনই দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তখন পুরো প্রশাসনই বিশৃঙ্খলার দিকে ধাবিত হয় এমন মন্তব্য করছেন সচেতন মহল।


সরজমিন গিয়ে দেখা যায়, পারিবারিক কারণে গত ৪ মে থেকে পৌর প্রশাসক বরাবর লিখিত ছুটি নিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান। অথচ তিনি ২৯ এপ্রিল বুধবার থেকেই নবীনগর পৌরসভায় অনুপস্থিত রয়েছেন।


জানা যায়, তিনি অনুপস্থিত থাকলেও পৌরসভার সকল কাগজপত্রে আগাম স্বাক্ষর করে রাখেন।


এতে করে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে হাজির হন না। এমন পরিস্থিতি এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কেউ দেরি করে আসেন, কেউ আবার দিন শেষে দায়িত্ব পালন না করেই আগে ভাগে চুপিসারে দপ্তর ত্যাগ করেন। এতে করে পৌরসভায় সেবা নিতে আসা সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।


গুরুত্বপূর্ণ কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে দেখা যায় অনেককে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অনেক কর্মকর্তা-কর্মচারীর আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং তারা প্রকাশ্যেই গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২ অমান্য করছেন।


পৌরসভায় অনুপস্থিত থাকার বিষয়ে জানতে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খানকে একাধিক বার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাহামুদুল হাসান বলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খান ছুটিতে আছেন। সরকারি বিধি বিধান অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারির নিয়মিত অফিস করা দরকার। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/নিয়ামুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com