
ছোট ফেনী নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি ও রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে রবিবার (৩ মে) সকালে নদীর তীরবর্তী সাহেবেরঘাট সেতু সংলগ্ন এলাকায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধনে চরছান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। অবৈধ বালু উত্তোলনের ঘটনায় তারা ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরেন। ‘জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি’ সম্বলিত বিভিন্ন স্লোগান লেখা ব্যানার -ফেস্টুন নিয়ে অংশ নেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, রেগুলেটর ধসে যাওয়ার কারণে আমরা আতঙ্কে আছি। এর মধ্যে অবৈধভাবে উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম, চরছান্দিয়া যুবদল নেতা আলাউদ্দিন মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের ছেলে সাব্বির তারেক অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছেন। এর ফলে আরও তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনের ফলে এলাকার শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রায় ৪০০ মিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙনরোধ ও ড্রেজিং করে নদী সোজা করা না হলে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটর তলিয়ে যাওয়ার পর থেকে ছোট ফেনী নদীর দুপাড়ে তীব্র ভাঙন দেখা দেয়। নদীর দুইপাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ ভাঙন আরো তীব্র হয়। প্রশাসনের কোন বাধাই মানছে না বালুদস্যুরা।
শাহিদা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমার স্বামী ও ছেলে-মেয়ে কেউ নেই। একটা মেয়েকে নিয়ে এই ভিটায় রাতদিন কাটাচ্ছি। যদি এই বাড়িটিও নদী নিয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে ফেলব। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাই।
মানববন্ধনে ববক্তব্য দেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সৈয়দ সেলিম রেজা, যুবদল নেতা রায়হান সাব্বির, ব্যবসায়ী আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]