
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর রাজিব হোসেন (১৪) নামে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এক লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
শনিবার (২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করা হয়।
রাজিব দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফজু স্টেশন এলাকার অটোরিকশা চালক মোস্তফা ড্রাইভারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শুক্রবার (১ মে) রাত ৮ টার পর রাজিব নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরমধ্যে রাজিবের অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে তাকে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রাজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
রাজিবের মামা শাহজাহান মাঝি বলেন, একটি মোবাইলফোন নাম্বার থেকে রাজিবকে অপহরণ করা হয়েছে বলে কল দেওয়া হয়৷ তারা তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ চায়। ওই টাকা না দেওয়ায় আমার ভাগিনাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, নিখোঁজের পর রাজিবের অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে তখন তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি জানা নেই।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]