
টানা গরমের পর বন্দরনগরী চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি নেমেছে। তবে এই হালকা বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে প্রবর্তক মোড়, মুরাদপুর, রহমতগঞ্জ ও কাতালগঞ্জ এলাকায় সড়কে হাঁটু পানি জমে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় বিভিন্ন নালায় অস্থায়ী বাঁধ দেয়া হয়েছে। বৃষ্টির সময় এসব বাঁধ অপসারণ না করায় পানি দ্রুত নামতে পারছে না। ফলে বৃষ্টির পানি রাস্তায় জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছল।
বিশেষ করে প্রবর্তক মোড়ে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে হাঁটুসমান পানি জমে যায়।
ভোগান্তিতে পড়া পথচারী মো. শহিদুল কায়সার বলেন, প্রবর্তক এলাকায় পানির কারণে হাঁটাচলা করা খুবই কষ্টকর হয়ে গেছে। রিকশা চালকরাও আগের ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে।
জেরিন ইফতি শোহা বলেন, প্রবর্তক হয়ে চকবাজার কোচিংয়ে যাব। কিন্তু যাওয়াটা অসহ্যকর হয়ে গেছে। অল্প বৃষ্টি হলেই চট্টগ্রামের মানুষের এই ভোগান্তির শেষ নেই। অথচ সারা বছর খাল ও ড্রেনগুলোতে কাজ লেগেই থাকে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, প্রবর্তক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে। চলমান উন্নয়ন কাজের কারণে পানি চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]