
কক্সবাজারে পৃথক দুটি স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় ও কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং আলী ফকির ডেইল গ্রামে এ ঘটনা দুটি ঘটে।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ জানায়,সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রিনা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থী এবং তার বাবা রফিক ও মা আখি মনি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে মায়ের সঙ্গে কাপড় পরিষ্কার করতে গিয়ে এক পর্যায়ে মায়ের চোখের আড়াল হয়ে যায় রিনা। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কা করা হলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, কুতুবদিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ওয়াসিম (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ ধুরুং আলী ফকির ডেইল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওয়াসিম তার নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে গিয়ে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]