সিআরবিতে কোনো হাসপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না: চসিক মেয়র
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৯:৫৫
সিআরবিতে কোনো হাসপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না: চসিক মেয়র
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের হৃদয়ে অবস্থিত ঐতিহাসিক ও সবুজে ঘেরা সিআরবি এলাকা আবারও আলোচনার কেন্দ্রে। নগরীর পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় এবার স্পষ্ট অবস্থান নিলেন শাহাদাত হোসেন।


রবিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামালখান লিচুতলা এলাকায় খাল-নালা পরিষ্কারের বিশেষ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন - সিআরবিতে নতুন করে কোনো হাসপাতাল বা স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হবে না।


মেয়র জানান, সম্প্রতি তিনি এ বিষয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করেছেন। তার ভাষায়, গাছ কেটে সিআরবিতে কোনো স্থাপনা আমরা হতে দেব না। এটি শুধু একটি জায়গা নয়-চট্টগ্রামবাসীর আবেগ, ঐতিহ্য ও পরিবেশের প্রতীক। মন্ত্রীও আমার সাথে একমত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।


তবে পুরোপুরি স্বাস্থ্যসেবা উন্নয়নকে অস্বীকার করছেন না মেয়র। তিনি বলেন, সিআরবিতে আগে থেকেই থাকা পুরোনো হাসপাতালটির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হতে পারে। প্রয়োজন হলে পুরোনো অবকাঠামো পুনর্গঠন করে একটি উন্নত ও কার্যকর হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি ডেন্টাল কলেজ ও পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের চিন্তাও রয়েছে, তবে সবই পুরাতন স্থাপনার মধ্যেই।


এদিকে, একই দিনে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সম্ভাব্য উদ্যোগের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় নাগরিক সমাজ। সিআরবি রক্ষা মঞ্চ এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যেখানে পরিবেশ রক্ষা ও ঐতিহ্য সংরক্ষণের দাবিতে একত্রিত হন নানা শ্রেণি-পেশার মানুষ।


বিবার্তা/জয়দেব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com