খাল পুনঃখননে দ্বিগুণ হবে ফসল উৎপাদন : পানিসম্পদমন্ত্রী
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৭:২১
খাল পুনঃখননে দ্বিগুণ হবে ফসল উৎপাদন : পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাল পুনঃখননের মাধ্যমে ফসলের উৎপাদন দ্বিগুণ হবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং মাছ চাষ বাড়বে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।


তিনি বলেন, দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল জলাবদ্ধতা থেকে রক্ষা পাবার। দীর্ঘদিনের দাবি জনস্বার্থ এবং জনগুরুত্বপূর্ণ বিধায় আমরা উদ্যোগ নিয়েছি। আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।


শনিবার (১৮ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে একটি খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এ ইউনিয়নের কাইচ্চা বাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউসুফপুর রহমতখালী পর্যন্ত খাল পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়েছে।


মন্ত্রী বলেন, খালটি পুনঃখনন হলে এ এলাকার ৬০০ হেক্টর জমির চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ফসলের উৎপাদন দ্বিগুণ হবে।



শুষ্ক মৌসুমে খাল থেকে সেচের মাধ্যমে পানি দিলে ধানের উৎপাদন দ্বিগুণ হবে।
আরেকদিকে এ অঞ্চলে জলাবদ্ধতা থাকবে না। ধানের উৎপাদন দ্বিগুণ করার জন্য, জলাবদ্ধতা দূরকরার জন্য এবং মাছের উৎপাদন বাড়ানোর জন্য আমরা খাল খনন প্রকল্প হাতে নিয়েছি। যারা খাল খনন করবেন, তারা অর্থের বিনিময়ে কাজে করবেন। এখানে কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা রয়েছে। খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশাল একটা বেনিফিট নিতে পারি, দিতে পারি, যোগ করেন এ্যানি।


তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে এ কর্মসূচি হাতে নিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় মাত্র সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গঠন করেছিলেন। আধুনিক কৃষি, সেচ ব্যবস্থা, আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক ছিল খাল খনন কর্মসূচি। এটা ছিল তার আমলের একটা বিপ্লব, একটা আন্দোলন। দীর্ঘদিন আমরা এ আন্দোলন থেকে বঞ্চিত ছিলাম। করতে গিয়ে অনেকে করেন নাই। না করার কারণে খালের দুই পাড় এবং খালের মধ্যে অবৈধ স্থাপনা গড়ে তুলছে। অনেকে জায়গায় খাল দখল হয়ে গেছে। কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, কোথাও কোথাও দোকানপাট হয়েছে। শিল্প কলকারখানার বর্জ্য এমনভাবে এসেছে, খাল পুরো বন্ধ হয়ে গেছে। খাল খনন শুরু করার মাধ্যমে আমরা একদিকে এগুলো উদ্ধার করবো, আরেকদিকে যে সুবিধাগুলোর কথা বলা হয়েছে, খালের দুই পাড়ের জনগণ এবং এলাকাবাসীকে দিতে সক্ষম হবো। এ কর্মসূচি অব্যাহত থাকলে বাংলাদেশে নতুনভাবে জাগরণ সৃষ্টি হবে। নতুন বিপ্লব, নতুন আন্দোলন তৈরি হবে তারেক রহমানের নেতৃত্বে।


শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ার কারণে ভূগর্ভস্থ পানির লেয়ার দিন দিন নীচে নেমে যাচ্ছে। অনেক সময় ডিপ টিউবয়েল দিয়েও পানি পাওয়া যাচ্ছে না। আমরা এ এলাকার মানুষ নদী এবং সমুদ্রের পাড়ের মানুষ। উপকূলীয় অঞ্চলের মানুষ। অদূর ভবিষ্যতে এ অচলাবস্থা চলতে থাকলে আগামী ৩০-৪০-৫০ বছরে এখানে থাকার উপযোগী কোনো পরিবেশ থাকবে না। বরং এ অঞ্চল পানির নিচে চলে যাবে। আমি যদি এখনই সচেতন না হই, সরকার যদি জনগণের পাশে না দাঁড়ায়, এ কর্মসূচি যদি আমরা শুরু না করি, এ বিপ্লব এ আন্দোলন আমরা যদি অব্যাহত না রাখি, তাহলে কঠিন পরিবেশ-পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হবে। সেজন্য এ অঞ্চলের জন্য খাল খনন কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন।


তিনি বলেন, ২০২৪ সালে এ অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে। এক-দেড় মাসেও পানি নামেনি। কুমিল্লা এবং ফেনী দিয়ে বন্যার পানি এসে লক্ষ্মীপুরের ওয়াপদা, রহমতখালী এবং ভুলুয়া নদী হয়ে মেঘনা নদীতে নামে। পরে সাগরে চলে যায়। খাল খননের মাধ্যমে এ কর্মসূচিটা যদি অব্যাহত থাকতো, ড্রেনেজ সিস্টেমটা যদি প্রবাহমান থাকতো, আমাদের এখানে এ জলাবদ্ধতা থাকতো না। খাল খনন কর্মসূচি আমাদের এ সরকার প্রায়োরিটি। আমরা বিশেষ নজর দিয়েছি। এ অঞ্চলের জন্য আরও বেশি প্রায়োরিটি। সেজন্য রহমতখালী, ওয়াপদা এবং ভু্লুয়া নদী পুনঃখননের উদ্যোগ নিয়েছি। এ তিনটি খালের সাথে যে সকল শাখা খাল রয়েছে, সেগুলো পুনঃখনন করার কাজ হাতে নিয়েছি।


জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, বাফুফেসহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ ভূঁইয়াসহ অনেকে।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com