রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, গুলিবিদ্ধ ২
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮
রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, গুলিবিদ্ধ  ২
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন।আহতরা হলেন- ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।


শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, কুতুকছড়ির উপরপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থানকালে একদল সন্ত্রাসী এসে ধর্মশিংহ চাকমাকে গুলি করে। ধর্মশিংহ চাকমা প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।


কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা জানান, স্থানীয়ভাবে জানা গেছে, ২০-৩০ জনের অস্ত্রধারী লোকজন ধর্মশিংহের বাড়ির দিকে আসতে দেখে তিনি পালানোর চেষ্টা করেন। দৌড়ে পালানোর সময় তাকে গুলি করা হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে তার দুই বোনও গুলিবিদ্ধ হন।


ধর্মশিংহের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা আছে এবং পুলিশকে খবর দেয়া হয়েছে।


ইউপিডিএফের মুখপাত্র অং মারমা বলেন, ধর্মশিংহ সাংগঠনিক কাজে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। বিচু উপলক্ষে তিনি নিজ বাসায় ছিলেন। ভোরে জেএসএস (সন্তু লারমা)-এর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হন।


এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ কুতুকছড়িতে অবরোধ পালন করছে এবং কিছুক্ষণ পর প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।


রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাতে গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে পরে চলে গেছেন।


এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ।


রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com