
"নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে নতুন প্রত্যয়, উৎসবমুখরতা এবং গণতান্ত্রিক চেতনার আহ্বানে বাংলা নববর্ষ ১৪৩৩ এর পহেলা বৈশাখ উৎসব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলা শহরের পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক মো. আবু সাঈদ এবং পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রউফের নেতৃত্বে বের হওয়া এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ছিল বাঙালির ঐতিহ্যের নানা রূপে বর্ণিল মুখোশ, প্যাঁচা, মাছ, গ্রামীণ জীবনের প্রতীকী উপস্থাপনাসহ বিভিন্ন লোকজ উপাদান। লাঠিখেলা ও সাপখেলার মতো ঐতিহ্যবাহী প্রদর্শনী যোগ করে ভিন্নমাত্রা, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে সৃষ্টি করে বাড়তি উচ্ছ্বাস। পরে ফারুকী পার্কে অনুষ্ঠিত হয় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া ও জাসাস এর যৌথ আয়োজনে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। শুধু শহরেই নয়, জেলার বিভিন্ন উপজেলায়ও উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ -১৪৩৩।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারের বৈশাখ উৎসব ফ্যাসিবাদ ও দোষরমুক্ত এক নতুন উদযাপন। আমাদের সংস্কৃতি রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে, কারণ একটি গোষ্ঠী এই ঐতিহ্যকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রউফ, জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায় যেখানে আনন্দ, সংস্কৃতি আর ঐক্যের সুর এক হয়ে গড়ে তোলে বাঙালির চিরন্তন পরিচয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]