
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তার জমি দখল করে বাড়ি নির্মাণ ও পানি নিষ্কাশন বন্ধ করায় এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে এবং স্কুলগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
ঘটনাটি, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কান্তিনগর গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্তিনগর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে শুরু করে প্রায় ২৫-৩০ ফুট রাস্তার জমি দখল করে সীমানা প্রাচীরসহ বাড়ি নির্মাণ করেছেন মৃত সাজ্জাদ আলী মন্ডলের ছেলে মজলুর রহমান, জবুর ছেলে কাইয়ুম আলী ও আলতুর রহমান।
এছাড়া মজলুর রহমান বাড়ি নির্মাণের সামগ্রী রাস্তার ওপর রাখায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, ফলে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর হাঁটুপরিমসন পানি জমে যায়, যার কারণে পথচারী ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
হাসান আলী, জেন্টু, জসিমসহ স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার ওপর বাড়ি নির্মানের সামগ্রী রাখায় রাস্তার জমি অবৈধভাবে দখল করায় যাতায়াতে বিঘ্ন ঘটছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মজলুর রহমান বলেন, আমি সরকারি যে জমি দখল করেছি, তা ছেড়ে দেব এবং রাস্তার ওপর যে ইটের ভাঙারি ফেলেছি, তাও সরিয়ে নেব।
অন্যদিকে কাইয়ুম আলী ও আলতুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক হয়দারী বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/লিটন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]