নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯
নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।


বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।


কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।



পরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত তেল লাইসেন্সধারী একটি বৈধ ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।


হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে আমরা নিয়মিত তদারকি করছি।



বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ জোন)-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com