
বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।
এর আগে ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন শ্রমিকরা। পরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পরে বেলা পৌনে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তাফা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে বিক্ষোভকারীরা মহাসড়কে ছেড়ে শহরে চলে যায়।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]