কক্সবাজারে সড়কে ঝরল মোটরসাইকেলে আরোহী ২ বন্ধুর প্রাণ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৯:২৮
কক্সবাজারে সড়কে ঝরল মোটরসাইকেলে আরোহী ২ বন্ধুর প্রাণ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।


শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার মো. রিসান (১৯) ও একই ইউনিয়নের দরগা এলাকার মো. আরাফাত (২১)। দুর্ঘটনায় আহত মো. সানিকে (১৯) মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা তিনজনই একে অপরের বন্ধু।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঝিলংজার দরগা এলাকা থেকে বাংলাবাজার স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে খরুলিয়া উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সানির অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রামু হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছে। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com