যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২০:৫০
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি এক নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স সিটিতে এ ঘটনা ঘটে বলে দোকানটির মালিক প্রবাসী বিএনপি নেতা আরিফ আহমেদ আশরাফ জানিয়েছেন।


নিহত নিলুফার ইয়াসমিন (৪২) ফোর্ট মায়ার্সে ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ কর্মচারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদরের কুশাখালী ইউনিয়নে। তিনি কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন।


হত্যাকাণ্ডের পর দেশটির পুলিশ রোবার্ট জোয়াসিন (৪০) নামের একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।


নিলুফারের ওপর আক্রমণের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাইরে পার্ক করা একটি কালো গাড়ির কাঁচ ভাঙচুর করছেন। পরে দোকান থেকে নিলুফার ইয়াসমিন বের হলে তাকেও আঘাত করেন সেই ব্যক্তি। এতে নিলুফার মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী নিলুফারের মাথায় কয়েকবার আঘাত করে সেখান থেকে চলে যান।


নিলুফারকে হত্যার সময় দোকানে একজন স্প্যানিশ নারী কর্মীও ছিলেন। তার বরাতে ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ মালিক ফ্লোরিডার বিএনপির নেতা আরিফ আহমেদ ঘটনার বর্ণনা দিয়েছেন।


আরিফ বলেন, দিন দুয়েক আগে হাইতির এক ব্যক্তি দোকানে এসে এটিএম মেশিন থেকে ডলার উত্তোলনের চেষ্টা করেন। কিন্তু ক্রেডিট কার্ডের ‘সঠিক পিন নম্বর না দিতে পারায়’ ডলার তুলতে না পেরে ওই ব্যক্তি ক্ষেপে নিলুফারকে গালাগালি করেন। তখন আরেক দোকান কর্মচারী স্প্যানিশ নারী পরিস্থিতি সামলে নেন।


ওই ঘটনার পর বৃহস্পতিবার ভোরে সেই ব্যক্তি আবার ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরে’ এসে নিলুফারকে খুঁজতে থাকেন বলে স্প্যানিশ দোকান কর্মচারীর বরাতে বলেন দোকান মালিক আরিফ।


তিনি বলেন, “ভোরে ভেতর থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজ পড়ছিলেন নিলুফার। তখন হামলাকারী ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ পার্কে থাকা একটি জিপের গ্লাস হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করেন। এরপর নিলুফার দরজা খুলে বাইরে এসে বলতে থাকেন- ‘কী সমস্যা, এমন করছেন কেন?’


“এ কথার পরই সেই ব্যক্তি নিলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। নিলুফার লুটিয়ে পড়লেও কয়েকবার তাকে আঘাত করা হয়। পরে পুলিশ এসে দেখে নিলুফার বেঁচে নেই।”


লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন নিলুফার। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে থাকছিলেন তিনি। মাস ছয়েক আগে দোকানটিতে কাজে যোগ দেন।


ব্যবসায়ী আরিফ বলেন, “স্টোর নির্মাণের পর ১৫ বছরের বেশি সময় ধরে ভাড়া দিয়েছি। আগে কখনো এমন নৃশংসতার ঘটনা ঘটেনি। এলাকাটি শান্তিপ্রিয় বলেই সকলে জানি। এ অবস্থায় নিলুফারকে হত্যার ঘটনায় এলাকাবাসীও হতভম্ব।”


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com