উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৮:১৪
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুষ্কৃতকারী কৌশলে পালিয়ে যায়।


মঙ্গলবার (৩১ মার্চ) র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,২৯ মার্চ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/৪১ এলাকায় অভিযান চালায়। সেখানে সৈকত হোসেন বুলু (৪০) নামে এক ব্যক্তির সেমিপাকা টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বুলু দরজা খোলা রেখে পালিয়ে যায়।


পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ছাদের বিশেষভাবে তৈরি মাচা থেকে রঙিন কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, রাইফেলের ৪ রাউন্ড গুলি, গুলিভর্তি পিস্তলের একটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।


র‌্যাব জানিয়েছে, পলাতক আসামি সৈকত হোসেন বুলুকে গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


রোহিঙ্গা ক্যাম্পে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে র‌্যাব-১৫ এর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


বিবার্তা/জাবেদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com