
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযানে ২০ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রাম র্যাব ৭ ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৭ মার্চ র্যাব-৭ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে নোয়াখালীর কবিরহাট থানার নবগ্রাম এলাকা থেকে মামলার ২৯ নম্বর আসামি মো. পারভেজকে (৩৫) গ্রেফতার করা হয় । একই দিনে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে মো. বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে সাইদুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়।
এর আগে বিভিন্ন সময়ে সীতাকুণ্ড, দক্ষিণ কাট্টলী, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পতেঙ্গা, খুলশী ও আকবরশাহসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন ইউনুছ আলী হাওলাদার (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩৯), আলীরাজ হাসান (সাগর) (২৮), মিজান (৫৩), মামুন (৩৮), শহাজাহান (৫৩) ও শফিকুল ইসলাম (৫১)।
র্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হলে দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য আহত হন। গুরুতর আহত ডিএডি আব্দুল মোতালেবকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় ২৯ জনকে নামীয় এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]