
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ মার্চ) সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিহু উপলক্ষে সূতকর্মা পাড়া এলাকায় মেলার আয়োজন চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে ইউপিডিএফ গণতান্ত্রিক এর সংগঠক নীতিদত্ত চাকমা মেলার আয়োজন স্থানের দিকে গেলে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় অস্ত্রধারীরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি চাকমা।
ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনটির পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হলেও তা অস্বীকার করে ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা বলেন, তাদের অভ্যন্তরিণ কোন্দল ও মেলার আয়োজনকে কেন্দ্র করে নিজ দল অস্ত্রধারীর গুলিতে নীতিদত্ত চাকমা নিহত হয়েছে। এতে ইউপিডিএফ এর কোন সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।
বিবার্তা/আল-মামুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]