
ঈদের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত একজন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের চতুর্থ তলার একটি টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত।
নিহতরা হলেন- চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান।
আহত মোহাম্মদ মামুন (২৮) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তারা। টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, সেখানে নেওয়ার পর দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতি জানিয়েছে, যে টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। দোকানটিতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল বলেও দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পরপরই আগুন লাগে।
উল্লেখ্য, কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিং মল এবং উপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন মূলত চতুর্থ তলা থেকে ছড়িয়ে পঞ্চম ও ষষ্ঠ তলায় পৌঁছে যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]