ফেনীতে মাটি কাটা নিয়ে বিরোধে নিহত ১, আটক ৭
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৩:০৭
ফেনীতে মাটি কাটা নিয়ে বিরোধে নিহত ১, আটক ৭
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর ছাগলনাইয়ায় মাটি কাটা নিয়ে বিরোধে আবু আহমেদ (৩৭) ওরফে হোনা মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কনট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। উত্তেজিত লোকজন হামলায় জড়িত সন্দেহে ছাত্রদল কর্মীসহ সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


নিহত আবু আহমেদ পূর্ব পাঠাননগর গ্রামের আবুল কাসেমের ছেলে।


ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আলাউদ্দিন রোববার সকালে যুগান্তরকে জানান, তিনি পাঠাননগর ইউনিয়ন যুবদলের সদস্য। আবু আহমেদ তার সম্পর্কে চাচাতো ভাই। তিনি মাটি ব্যবসার সঙ্গে জড়িত এবং শ্রমিকের কাজ করতেন।


পাঠাননগর ইউনিয়ন যুবদলের সদস্য নুর আহমদ মিয়া পাঠাননগরে এক ব্যক্তির কাছ থেকে মাটি কেনেন। শনিবার রাত ২টার দিকে জমি থেকে মাটি কেটে পিকআপ ভ্যান দিয়ে অন্যত্র বিক্রি করছিলেন। কনট্রাক্টর মসজিদ এলাকায় গাড়ির টোকেনম্যানের দায়িত্বে ছিলেন আবু আহমেদ। এ সময় কামরুল হাসান জাহিদ তার কয়েকজন সহযোগী নিয়ে কনট্রাক্টর মসজিদ এলাকায় আসেন। তিনি মাটি কাটায় বাধা দিয়ে দুটি পিকআপভ্যান আটক করে ফেসবুকে লাইভ করেন। এ সময় আবু আহমেদ মোবাইল কেড়ে নিয়ে তার সঙ্গে তর্কে জড়ান।


আলাউদ্দিন অভিযোগ করে বলেন, তিনি আবু আহমেদের থেকে কিছু দূরে ছিলেন। ছাগলনাইয়া থেকে আসা ১০ থেকে ১২ জন মিলে তর্কাতর্কির একপর্যায়ে আবু আহমেদকে লাথি আর কিল-ঘুসি মারতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তিনিও মারধরের শিকার হন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জাহিদসহ সাতজনকে আটক করে পুলিশে খবর দেয়। আর হতাহতদের হাসপাতালে পাঠান স্থানীয়রা।


ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। পুলিশ যাওয়ার আগেই হতাহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় আটকদের নেওয়া হয় থানায়।


তিনি জানান, মাটি কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আরও বিস্তারিত জানা যাবে তদন্তে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


ফেনী সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা যান আবু আহমেদ। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন বলেন, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত কেউ যুবদলের না। তারা ভুয়া পরিচয় দিয়েছেন। অপরাধীর পরিচয় অপরাধী। অপরাধ করলে সাজা পেতেই হবে। সে যেই হোক। দলের পরিচয় দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমি এ হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com