
পটুয়াখালীর বাউফল উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনী প্রচারণার মধ্যেই বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম দফার সংঘর্ষের সূত্রপাত। পরে বিকেল পৌনে ৪টার দিকে বাউফল পৌর শহরে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে দাঁড়িপাল্লা প্রতীকের ক্যাম্পিংয়ের জন্য বাউফলের বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে যান একদল কর্মী-সমর্থক। সেখানে তাদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে উভয়পক্ষের কয়েকজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষের ঘটনার জেরে বিকেল ৪টার দিকে বাউফল থানার সামনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারকে বহনকারী গাড়ি জামায়াত সমর্থকরা অবরুদ্ধ করে রাখে। ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। পরে জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, চন্দ্রদ্বীপে ধানের শীষ সমর্থকদের ওপর জামায়াতের হামলা পরিকল্পিত ও সংগঠিত। এ সহিংসতায় প্রচারণা একেবারেই অচল হয়ে পড়ে এবং এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে বিস্তারিত জানাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ আহমেদ জানান, চন্দ্রদ্বীপে সংঘর্ষের খবর পেয়েছি। প্রাথমিকভাবে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]