
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য নিয়েছে।
সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়কে বিজিবি টহল দল অভিযানে মোটরসাইকেল সহ মাদক চোরাকারবারি মো. লিটন আলী (২৮) কে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত লিটন একই এলাকার মৃত এলাহি মণ্ডলের ছেলে।
অপর দিকে একইদিন ভোর সাড়ে ৪টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজীপুর বর্ডারপাড়া মাঠে কাজীপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ হাজার পিস চকলেট বাজি উদ্ধার করে।
অপরদিকে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চরচিলমারী ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। রাত ৯টার দিকে আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার করে। রাত ১১টায় কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ, ১ হাজার ৩০০ পিস চকলেট বাজি এবং ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। রাত ১১টার দিকে শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয়৩০ বোতল মদ এবং ১ হাজার ২০০পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সিজার মূল্য ১৭ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক, মাদকদ্রব্য ও ঔষধ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যে-কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]